অভিনয় ও নতুন গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর প্রিয় তারকা তাহসান খানকে নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল আক্ষেপ। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তিনি ফিরছেন একেবারে নতুন ভূমিকায়। অভিনয়শিল্পী বা গায়ক হিসেবে নয়, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’–এর মূল সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি।
তাহসানের এই নতুন যাত্রার খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। আয়োজকদের আশা, তাঁর উপস্থাপনা প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। দেশের সেরা সংগীত প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার বিচারকের আসনে থাকছেন দেশের পাঁচ গুণী সংগীতশিল্পী—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।
আরেও পড়ুন: শুধু গানের আসর নয়, মানবতার সুরেও রুনা লায়লা
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক বাছাইপর্ব শেষ হয়েছে। বর্তমানে সেরা ১২ জন প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জমকালো গ্র্যান্ড ফিনালে, যেখানে নির্বাচিত হবেন আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধি। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব এবং গ্র্যান্ড ফিনালে সম্প্রচার করা হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।
আরও পড়ুন: ৮১-তে খুরশীদ আলম, জন্মদিনে আসছে ‘হৃদয়ে কী সুর বাজে’
১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) উদ্যোগে আয়োজিত ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ সংগীত প্রতিযোগিতা হিসেবে পরিচিত। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
সংশ্লিষ্টদের মতে, এই আয়োজন শুধু একজন শিল্পী নির্বাচন নয়, বরং আন্তর্জাতিক সংগীত অঙ্গনে বাংলাদেশের প্রতিভা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আর সেই যাত্রার অন্যতম মুখ হয়ে ফিরছেন তাহসান খান।

