কিছু উপহারের মূল্য টাকার অঙ্কে মাপা যায় না। তার সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, ভালোবাসা আর বহু বছর আগের কোনো অপূর্ণ ইচ্ছা। ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা ও তাঁর ছোট ভাই রুবেলের গল্পে এমনই এক আবেগঘন অধ্যায়ের জন্ম হলো—একটি ঘড়িকে ঘিরে।
শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গল্পই শেয়ার করেছেন সোহেল রানা। প্রায় ৪০ বছর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ছোট ভাই রুবেল ও পরিচালক শহীদুল ইসলাম খোকন। চিকিৎসা শেষে এক বিকেলে তিনজন ঘুরতে বের হন এবং ঢোকেন একটি ঘড়ির শোরুমে। ঘড়িপ্রিয় সোহেল রানা তখন একটি দামি ঘড়ি কিনতে চেয়েছিলেন।
আরও পড়ুন: ১২ বছর পর একই পর্দায় শাকিব-ডিপজল
শোরুমে সবচেয়ে দামী ঘড়িটি সামনে আনা হলেও এর দাম শুনে আর কেনা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত অন্য একটি ঘড়ি কিনে ফিরলেও পছন্দের সেই ঘড়িটির দিকে বারবার তাকাচ্ছিলেন তিনি। সময় গড়িয়েছে চার দশক। সেই ঘটনার কথা সোহেল রানা ভুলেই গিয়েছিলেন। কিন্তু ভুলে যাননি রুবেল।
সোহেল রানা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাসায় এসে রুবেল তাঁর হাত টেনে একটি ঘড়ি পরিয়ে দেন। এরপর জানান, ৪০ বছর আগে যে ঘড়িটির দিকে বড় ভাই তাকিয়েছিলেন, সেটির দাম এখন এক কোটি থেকে দেড় কোটি টাকার মতো। তবে রুবেল যে ঘড়িটি তাঁকে উপহার দিয়েছেন, সেটির দাম প্রকাশ করতে চাননি সোহেল রানা।
আরও পড়ুন: বিসিবির সঙ্গে বৈঠকের পর যা জানালেন কোয়াব নেতারা
তাঁর উপলব্ধি, “দাম দিয়ে সবকিছু কেনা যায় না, হৃদয় থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। চার দশক আগের একটি ছোট্ট ইচ্ছা মনে রেখে দেওয়া এই উপহার যেন ভাই-ভাইয়ের সম্পর্কের এক অসাধারণ স্মারক। সময় পেরিয়ে গেলেও প্রিয় মানুষের কথা যে হৃদয় থেকে মুছে যায় না, রুবেলের উপহার যেন তারই প্রমাণ।
