জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র পক্ষ থেকে করা মামলায় ১২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে এবং ওই দিন তানজিন তিশাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
আর পড়ুন: ৩৪ বছরের দাম্পত্যে স্ত্রীকে কৃতিত্ব দিলেন আসিফ আকবর
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচারণার কথা থাকলেও মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন তানজিন তিশা। এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে মামলা করা হয়।
বাদীপক্ষের দাবি, তিশার সঙ্গে ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজের কথোপকথন পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর আগে ক্ষতিপূরণ ও বক্তব্যের বিষয়ে ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সমাধান না হওয়ায় মামলা দায়ের করা হয়।
দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় করা মামলায় আদালত ডিবিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
