ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে ঘিরে নির্মিত সৃজিত মুখার্জির বহুল আলোচিত সিনেমা ‘পদাতিক’ এবার আসছে অন্তর্জালে। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি আগামী ২৮ আগস্ট, শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের নজর কেড়েছিলেন।
চলচ্চিত্রকারের ব্যক্তিত্ব, চেহারা, অভিব্যক্তি ও জীবনের নানা পর্যায়কে পর্দায় ফুটিয়ে তুলতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। ‘পদাতিক’ চঞ্চলের কাছেও ছিল অন্যরকম এক অভিজ্ঞতা। ছবিটির শুটিংয়ের আগেই বাবাকে হারান তিনি। সেই শোক সামলে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল অভিনেতাকে। পাশাপাশি মৃণাল সেনের মতো একজন কিংবদন্তি নির্মাতার চরিত্রে অভিনয়ের সুযোগও তার কাছে ছিল বড় দায় ও সম্মানের।
আরও পড়ুন: নেদারল্যান্ডসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বার্সেলোনা কিংবদন্তি শাভি
সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেন-এর চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। মৃণালের কিশোর বয়সের ভূমিকায় দেখা গেছে কোরক সামন্তকে। আর পুত্র কুণাল সেন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী। ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তির পর বাংলাদেশেও ‘পদাতিক’ প্রদর্শনের পরিকল্পনা ছিল নির্মাতাদের। তবে সে সময় কলকাতার আর জি কর আন্দোলন এবং বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠে আরেক নতুন মুখ
এবার ওটিটিতে মুক্তির মাধ্যমে নতুন করে দর্শকের সামনে আসছে ‘পদাতিক’। যদিও বাংলাদেশ থেকে জি ফাইভে সরাসরি প্রবেশের সুযোগ নেই, তবু বিভিন্ন উপায়ে বাংলাদেশের দর্শকেরা প্ল্যাটফর্মটির কনটেন্ট দেখে থাকেন। তাই চঞ্চল চৌধুরীর মৃণাল সেন হয়ে ওঠার এই অভিনয় যে আবারও বাংলাদেশি দর্শকের আগ্রহের কেন্দ্রে আসবে, তা বলাই যায়।
