২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বরের মধ্যে এবং পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত
নির্ধারিত ফি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের জন্য মোট ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফির অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

