এইচএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, বরিশালের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক মো. রিপন হোসেন এ ঘটনা ঘটিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আসা এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার উত্তরপত্রের এমসিকিউ অংশের বৃত্ত ভরাট করছেন। এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, 'স্যার বলেছেন খাতার সবকিছু দেখে দিয়েছি। তোমরা শুধু বিষয় কোডের বৃত্ত ভরাট করে দাও।'
আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
অভিযোগ রয়েছে, উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে থাকা বাংলা প্রভাষক মো. রিপন হোসেনই শিক্ষার্থীদের এ কাজ করার নির্দেশ দেন। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শরীফ মোর্শেদ রেজা বলেন, 'আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম।'
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
অন্যদিকে, ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শাহ মঞ্জুর বলেন, 'ওই শিক্ষক আমাকে জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে তিনি শিক্ষার্থীদের সহযোগিতা নিয়েছিলেন। তবে খাতা দেখার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলেও তিনি আমাকে জানিয়েছেন।'

