বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ভিসা একবার পাওয়া গেলে পাঁচ বছরের মধ্যে নতুন করে আবেদন ছাড়াই ইচ্ছেমতো একাধিকবার দেশটিতে ভ্রমণ করা যাবে।
এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।
নতুন এই ভিসার আওতায় একজন ভ্রমণকারী প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন আমিরাতে অবস্থান করতে পারবেন। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সময় বাড়ানো যাবে এবং এক বছরে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত দেশটিতে থাকা যাবে।
আরও পড়ুন: ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
তবে ভিসা পেতে আবেদনকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হলো, আবেদনকারীর ব্যাংক হিসাবে কমপক্ষে ছয় মাস ধরে বাংলাদেশি মুদ্রায় অন্তত ৫ লাখ টাকা থাকতে হবে।
এ ভিসার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭১৩ আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকার সমপরিমাণ।
আবেদনকারীরা সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপের মাধ্যমে যেকোনো সময় আবেদন করতে পারবেন। এছাড়া কাস্টমার হ্যাপিনেস সেন্টার এবং আমের সার্ভিস সেন্টারের মাধ্যমেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
জানা গেছে, দেশে পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।

