নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে প্রায় আট হাজার শিক্ষার্থীর সঙ্গে তাদেরও সম্মাননা দেওয়া হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার আনুষ্ঠানিকতার সময় লিমন ও বৃষ্টির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। একই সঙ্গে গাউন, ক্যাপ ও হুডসহ দুটি খালি চেয়ার রাখা হবে তাদের সম্মানে।
এ বিষয়ে ইউএসএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে জানিয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুজনের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য একজন প্রতিনিধিকে অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি
লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউএসএফে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং পিএইচডি শেষ করে বিয়ে করার পরিকল্পনাও ছিল তাদের।
গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করা হয়। পরে তল্লাশি চালিয়ে স্থানীয় একটি জলাশয় থেকে উদ্ধার করা দেহাবশেষ পরীক্ষার মাধ্যমে বৃষ্টির বলে শনাক্ত করা হয়।
আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকান্ডের ঘটনায় ৩২ নিহতের পরিচয় শনাক্ত: ট্রাইব্যুনাল
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।
ইতোমধ্যে লিমনের মরদেহ দেশে এনে জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃষ্টির জানাজা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহও দেশে আনার প্রক্রিয়া চলছে।

