২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

জিটি রিপোর্ট

প্রকাশ:

অন্ধত্ব ও অপুষ্টি রোধে ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ কর্মসূচি
অন্ধত্ব ও অপুষ্টি রোধে ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ কর্মসূচি|ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ মাস পর আগামী ২৮ জুন দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ১ লাখ ২০ হাজার ইপিআই কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম এলাকার শিশুদের অন্তর্ভুক্ত করতে ১২টি জেলার ৫৮টি উপজেলার ৭১৪টি ওয়ার্ডে ক্যাম্পেইন-পরবর্তী চার দিন বিশেষ অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন: ই-রিকুইজিশনে ভুল তথ্য: ২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে পৌঁছে গেছে এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও এ ক্যাম্পেইন শুরু হচ্ছে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কর্মসূচিটি সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়ার ঝুঁকি কমানো এবং শিশুমৃত্যুর হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!