দেশজুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণ বৃদ্ধির এই পরিস্থিতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের দেহে হাম নিশ্চিত হয়েছিল, আর বাকি সাতজন উপসর্গ নিয়ে মারা গেছে।
রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ভর্তুকি ও পাচারের ঝুঁকি বিবেচনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে। এর মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২১ হাজার ৪৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২১৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের বড় অংশই শিশু। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন: হাসপাতাল-মাতৃসদনে রূপ নেবে অব্যবহৃত সরকারি ভবন: প্রধানমন্ত্রী
বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে সংক্রমণ দীর্ঘস্থায়ী হচ্ছে। শিশুদের জ্বর ও শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং তাদের অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

