স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বদলির পরিবর্তে সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।’
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার ও আধুনিকায়ন করা হবে। সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোও উন্নত করা হবে। চলতি বছরই স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চাই। এ লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পায় এবং বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’
তিনি আরও বলেন, এবারের বাজেট একটি আদর্শভিত্তিক বাজেট। এই বাজেটের প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নে সরকার কাজ করছে।
নরসিংদী জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

