শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সেশনজট পুরোপুরি নিরসনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের কারিকুলাম ও সিলেবাস সংস্কারের কাজ চলছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনমুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হালাল সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি পরীক্ষার আগে যথাসময়ে প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের সহযোগিতায় যথাসময়ে পরীক্ষা নেওয়ার পাশাপাশি ৫০ থেকে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগের ফলে ইতোমধ্যে প্রায় এক বছর সেশনজট কমিয়ে আনা সম্ভব হয়েছে। সেশনজট পুরোপুরি নিরসনের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
এদিকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে নানা বিষয়ে বার্তা পাঠানোর বিষয়টিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত্নবান এবং সেগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছে বলে জানানো হয়।
শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষায় আশানুরূপ ফল অর্জনের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

