মেহেরপুরের গাংনীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দুই শিক্ষককে পরীক্ষা–সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।
শনিবার (২৯ আগস্ট) শিক্ষামন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর
শিক্ষামন্ত্রণালয় জানায়, ইতমধ্যে পরীক্ষার সময় নকলে জড়িত ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২ জন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। উক্ত ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হন। এছাড়া তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ গতকাল গাংনী থানায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরো ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর
এর আগে, ২৮ আগস্ট দুপুরে বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষার কেন্দ্রে নকল করার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
এ সময় তাদের মারধর করে মুঠোফোন ও পেশাগত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। আহত সাংবাদিকেরা হলেন- বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন।

