জাতীয় বিশ্ববিদ্যালয় এলএলবি পরীক্ষার পূর্বনির্ধারিত ফি কমিয়েছে। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে তাত্ত্বিক পত্রপ্রতি পরীক্ষার ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এলএলবি পরীক্ষার ফি-সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং এর কেন্দ্র ফি ৬০০ টাকা রাখা হয়েছে। এছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা রাখা হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ফরম পূরণ ও ফি জমার সময়সূচি
পরীক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে।
ফি জমা দেওয়ার জন্য ২৩ ও ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এ সময় ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পরীক্ষার ফি জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না।
আরও পড়ুন: এসএসসি পাস করেও একাদশে ভর্তির আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী
আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd ঠিকানা থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর আবেদন ফরমের প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে।
ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে পূরণ করতে পরীক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

