কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া একই পরিবারের ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্স, আবেদন শেষ ২৪ নভেম্বর
জানা গেছে, ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন একই পরিবারের নয়জন সদস্য। নিহত নাফিজ, নাবিলা, মালিহা ও আলভি ছিলেন পরস্পরের কাজিন। নাফিজের বড় বোন ফারিহা কবির এবং তার ভাগ্নে শিশু ফাইজানও ওই পরিবারের সদস্য।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিমও মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং হতাহতদের বিষয়ে পরবর্তী তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানা যাবে।
আরও পড়ুনঃ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স করার সুযোগ, আবেদন করবেন যেভাবে
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তাঁরা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর সেখানে উদ্ধারকাজ চলছিল।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক উল্লেখ করে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা মারা গেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং এ কঠিন সময়ে শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

