জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সেবার গতি বাড়াতে নবউদ্বোধন হওয়া ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলার অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানগুলোর সব ধরনের দাপ্তরিক কার্যক্রম গাজীপুরের মূল ক্যাম্পাসের পরিবর্তে এই আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।
আরও পড়ুন: শিশু অন্তঃসত্ত্বা ঘটনায় র্যাবের অভিযানে মাদরাসা পরিচালক আটক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা সদরের মধ্য বাড়েরা এলাকায় আঞ্চলিক কেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানকে এখন থেকে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অফিস আদেশ জারির দিন থেকেই নির্দেশনাটি কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: লিমন–বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
এতে আরও বলা হয়, নতুন ব্যবস্থার আওতায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় কোনো সুনির্দিষ্ট সীমাবদ্ধতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে পত্র জারির তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর বরাবর লিখিত আবেদন পাঠাতে হবে।

