অনুমোদিত পদ ও বিভাগ পরিবর্তন করে শিক্ষক নিয়োগের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৭ শিক্ষকের বেতন-ভাতা বরাদ্দ স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব শিক্ষকের সংশ্লিষ্ট পদে বেতন-ভাতা বরাদ্দ না রাখার সুপারিশ করেছে ইউজিসি।
ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট-সংক্রান্ত নথি থেকে জানা যায়, কমিশনের অনুমোদিত পদ পরিবর্তন করে অন্য বিভাগে এবং উচ্চতর পদের বিপরীতে নিম্নতর পদে এসব শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের অনুমোদন ছাড়া এভাবে পদ পরিবর্তন করে নিয়োগ দেওয়াকে অনুমোদনের শর্তের ব্যত্যয় এবং আর্থিক ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সময়ে এসব নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে। ইউজিসির পর্যবেক্ষণে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপকের পদ পরিবর্তন করে ইইই বিভাগে, সমাজকর্ম বিভাগের প্রভাষকের পদ পরিবর্তন করে আইন বিভাগে, আইসিই বিভাগের প্রভাষকের পদ পরিবর্তন করে রসায়ন বিভাগে এবং ফার্মেসি বিভাগের প্রভাষকের পদ পরিবর্তন করে বিএমবি বিভাগে নিয়োগসহ মোট ১৭টি পদ পরিবর্তনের বিষয় উঠে এসেছে।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর
ইউজিসির নথিতে আরও বলা হয়েছে, কমিশনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনিয়মিতভাবে নিয়োগপ্রাপ্ত পদগুলোর বেতন-ভাতা পরিশোধ স্থগিত রাখা এবং এ ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নিয়মবহির্ভূত নিয়োগের কারণে উচ্চতর পদের বিপরীতে বেতন-ভাতা বাবদ কোনো বরাদ্দ রাখা হয়নি।
নতুন পাওয়া ইউজিসির ‘সংলগ্নী-০৩’ নথি অনুযায়ী, চলতি বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দল নোবিপ্রবির ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটের অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় মোট ২৫টি পর্যবেক্ষণ উঠে আসে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ ও স্মরণ করানো হলেও আশানুরূপ পদক্ষেপ নেওয়া হয়নি বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
তবে ইউজিসির পক্ষ থেকে বেতন-ভাতা বরাদ্দ স্থগিত রাখার সুপারিশ থাকলেও মানবিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব শিক্ষকের বেতন-ভাতা চালু রেখেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর
এ বিষয়ে নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী বলেন, এ বিষয়ে ইউজিসি একটি কমিটি গঠন করেছে। বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা হয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
১৭ শিক্ষকের বেতন বরাদ্দের বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইউজিসি এসব শিক্ষকের বেতন ছাড় না করলেও মানবিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় তাদের বেতন চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে ইউজিসিতে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিশনের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। কমিটি যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

