অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন জটিলতা এবং সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)-এর ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার।
এ বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের আগস্টে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার খোর্দ ঘোষপাড়ার প্লট নম্বর ২৯৮-২৯৯-এ অবস্থিত সামাদবানু টাওয়ারে অস্থায়ীভাবে সাত বছরের জন্য ইউসেট স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেয় সরকার। পরবর্তী সময়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষাকোর্সে ভর্তি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
তবে বর্তমানে সরকার ও ইউজিসির অনুমোদিত ওই ঠিকানায় বিশ্ববিদ্যালয়টির কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ছাড়া কোনো ঠিকানা বা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইউসেটের অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন সংক্রান্ত জটিলতা এবং সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতির মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী ইউসেটের ভর্তি ও শিক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ভেঙে ফেলা হচ্ছে সোনারগাঁয়ের লাভলী সিনেমা হল
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ১২(২) ধারা অনুযায়ী ইউসেটের চলমান প্রোগ্রামে ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিগগিরই পরবর্তী নির্দেশনা দেবে।

