ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার ডুবে যাওয়া এমভি ওশেন-উইনার নামের জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জাহাজটি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
আরও পড়ুন: খেলার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী
কর্মকর্তারা জানান, শনিবার দুপুর ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কো. লি. বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
জাহাজটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও আনমল নামের দুটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ‘গোলাপি বাস’ নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘সফল নারীদের মেনে নিতে পারি না’
কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য ক্রু সদস্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
একজন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে। উদ্ধারকাজে সহযোগিতার জন্য তাদেরও অনুরোধ করা হয়েছে।

