ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ও ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা আরও সীমিত হয়েছে। অভিবাসন নীতিতে পরিবর্তন এনে ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া আগের সহজ ভিসা সুবিধা বাতিল করেছে। ফলে এসব দেশে ভ্রমণের আগে ভারতীয় নাগরিকদের আগাম ভিসা বা অনুমোদন নিতে হবে। খবর এনডিটিভির।
বর্তমানে ভারতীয়রা বিশ্বের ৫৫টি গন্তব্যে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। তবে নতুন নীতির কারণে সহজ ভ্রমণের গন্তব্য কমেছে। সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ৮১তম, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ছিল ৭৫তম।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সেফ এক্সিট নয়, বিচার দাবি এনসিপির
নতুন নিয়ম অনুযায়ী, ইরানে ভ্রমণের আগে নিয়মিত ভিসা নিতে হবে। বলিভিয়ায় পৌঁছে ভিসা পাওয়ার সুযোগ তুলে দিয়ে ই-ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। কেপ ভার্দে আগাম বৈধ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ বাতিল করেছে। আর নিকারাগুয়া ভারতীয়দের 'ক্যাটাগরি সি' তালিকাভুক্ত করায় এখন দেশটিতে ভ্রমণের আগে অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিদেশ ভ্রমণের পরিকল্পনার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসা ও অভিবাসন নীতিমালা যাচাই করা উচিত।

