বিএসএফের ২১টি ‘পুশ ইন’ প্রচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

জিটি ডেস্ক

প্রকাশ:

বিচারিক প্রক্রিয়া ছাড়াই মানুষকে ‘পুশ ইন’ করছে ভারত
বিচারিক প্রক্রিয়া ছাড়াই মানুষকে ‘পুশ ইন’ করছে ভারত|ছবি: সংগৃহীত

বিচারিক প্রক্রিয়া ছাড়াই মানুষকে বাংলাদেশে ‘পুশ ইন’ করার অভিযোগ ভারতের বিরুদ্ধে

ভারতীয় কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করেই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিম জনগোষ্ঠীর মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ‘পুশ ইন’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ অভিযোগ তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সময় নারী, শিশু ও পরিবারের সদস্যদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এসব প্রচেষ্টা প্রতিহত করায় অনেককে দুই দেশের মাঝামাঝি ‘শূন্য রেখা’ বা নো ম্যানস ল্যান্ড এলাকায় দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, চলতি মাসের ১ জুন থেকে এ পর্যন্ত বিএসএফের অন্তত ২১টি পুশ ইন প্রচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। এসব ঘটনায় শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশের সীমান্ত এলাকায় পুশ ইন করার চেষ্টা করা হয়।

সংস্থাটির এশিয়া বিষয়ক উপ-পরিচালক মীণাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মানবাধিকার উপেক্ষা করে মানুষকে বাংলাদেশে পুশ ইন করছে কিংবা সীমান্তে আটকে রাখছে। তিনি অবৈধ বহিষ্কার বন্ধ, নাগরিকত্ব যাচাই এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণের আহ্বান জানান।

প্রতিবেদনে পঞ্চগড় ও তেঁতুলবাড়িয়া সীমান্তের কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে নারী-শিশুসহ একাধিক পরিবার ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কয়েকদিন পর্যন্ত শূন্য রেখায় আটকে ছিল। পরে বিজিবির বাধা ও দ্বিপাক্ষিক আলোচনার পর তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বৈঠক, ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন

তবে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং অনেকেই স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ জানিয়েছে, যথাযথ যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রহণ করা হবে না।

হিউম্যান রাইটস ওয়াচের মতে, খাবার, পানি ও আশ্রয় ছাড়া মানুষকে সীমান্তে আটকে রাখা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি ভারতকে এসব পুশ ইন কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক আইন ও মানবিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!