চীনের এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জিটি ডেস্ক

প্রকাশ:

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ|ছবি: সংগৃহীত

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) সকালে চীনের বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সফরসঙ্গীরা।

আরও পড়ুন: তারেক রহমানের চীন সফর, ১৭ সমঝোতা

গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর শুরু করেন তারেক রহমান। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। দুই দিনের কর্মসূচি শেষে ২৪ জুন বেইজিং পৌঁছান তিনি।

২৫ জুন গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

একই দিনে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্কের

সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং চীনের বিভিন্ন সরকারি সংস্থা ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সফর শেষে শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!