যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন পর বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্তকে ফোন করে ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টির।
আজ শুক্রবার (১ মে) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
আরও পড়ুন: সংবিধান ও ‘জুলাই সনদে’ ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর, গত ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
জামিলের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে সেটি ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

