দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাতে এ হামলা চালানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমেরাতের একটি আর্টিলারি পজিশন লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়, যা সেখানে থাকা একটি কার্গো ক্যারিয়ারে আঘাত হানে।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
এ হামলায় সেখানে থাকা ১২ জন সেনা আহত হন। তাদের মধ্যে দুজন মাঝারি আহত হয়েছেন এবং বাকি ১০ জনের অবস্থা ভালো বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। এ ধরনের কার্গো ক্যারিয়ারে সাধারণত কামানের গোলা বা শেল বহন করা হয়।
ওই কার্গো ক্যারিয়ারে গোলা থাকায় ড্রোনের আঘাতের পর সেগুলো বিস্ফোরিত হতে শুরু করে।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা
হিজবুল্লাহর ব্যবহৃত ড্রোনটিতে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কারণ গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে দখলদার সেনাদের ওপর ফাইবার অপটিক ক্যাবল-নিয়ন্ত্রিত ড্রোন হামলার ঘটনা ঘটছে। এসব ড্রোন ইলেকট্রিক জ্যামার দিয়ে প্রতিহত বা ভূপাতিত করা যায় না।

