দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

জিটি ডেস্ক

প্রকাশ:

সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের সদস্য ছিলেন করুনানায়েক
সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের সদস্য ছিলেন করুনানায়েক|ছবি: সংগৃহীত

সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশনের (সিআইএবিওসি) হেফাজতে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে সিআইএবিওসির এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, জাতীয় লটারি বোর্ডের অর্থ থেকে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন রবি করুনানায়েক। তবে ওই তিন ব্যক্তি প্রকৃতপক্ষে তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি

সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের সদস্য ছিলেন করুনানায়েক। ২০২৪ সালে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে দেশটিতে চলমান ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো।

চলতি মাসের শুরুতে দেশটির শেষ সিংহলি রাজার রাজপ্রাসাদ থেকে শতবর্ষী একটি পবিত্র পাথর চুরিতে সহায়তার অভিযোগে সাবেক আরেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের এপ্রিলে ৪ হাজার ৬০০ কোটি বা ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর শ্রীলঙ্কায় তীব্র ওষুধ সংকট দেখা দেয়। সে সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন রামবুকওয়েলা।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের নিকটাত্মীয়রাও বর্তমানে অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত কিংবা বিচার প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

তবে রাজাপাকসে পরিবার তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। [সূত্র: এএফপি]

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!