গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে একটি বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল শনিবার (২৭ জুন) জানায়, গত বুধবার একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চার পুরুষ সেখান থেকে সরে যান। এ সময় ওই তিন নারীও চলে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
অভিযানের সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন বই আনছে এনসিটিবি
পুলিশ সুপার অভিষেক সিং বলেন, “আমরা তিন নারীকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছেন, মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংস পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের অপেক্ষায় আছি।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিন নারীর স্বামী এবং তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন।
গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের ব্যাগে মিড-ডে মিলের ডিম-রুটি, তদন্তে তিন সদস্যের কমিটি
পুলিশ আরও জানিয়েছে, ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়েছে।
পুলিশের আরেক কর্মকর্তা জানান, গরুর মাংস কোথা থেকে আনা হয়েছে, তা খুঁজে বের করতে আলাদা তদন্ত করা হবে। পাশাপাশি পরিবারটি আগে কখনও গরুর মাংস কিনেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। [সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস]

