হরমুজে আটক ১৩ জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

জিটি ডেস্ক

প্রকাশ:

অভিযানের প্রধান লক্ষ্য হলো জাহাজগুলোকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা
অভিযানের প্রধান লক্ষ্য হলো জাহাজগুলোকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ দেশে ফিরিয়ে আনতে জরুরি উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার শর্মা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি এলপিজিবাহী ট্যাংকার, পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, তিনটি কন্টেইনার জাহাজ, দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার।

উপেশ কুমার শর্মা বলেন, “এই অভিযানের প্রধান লক্ষ্য হলো জাহাজগুলোকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা।”

আরও পড়ুন: বিশ্বকাপজয়ী ১৭ জনকে রেখে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

জাহাজগুলো প্রত্যাবাসনে ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতাবাস এবং সামুদ্রিক খাতসংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছে।

এরই মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি ত্যাগ করে ভারতের বিশাখাপত্তমের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন উপেশ কুমার শর্মা। ‘নিসোস কেরোস’ নামের ওই জাহাজে প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে। গত ২৫-২৬ মে এটি হরমুজ অঞ্চল থেকে ভারতের পথে রওনা হয়।

উপেশ জানান, হরমুজে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ নাবিক ও ক্রু রয়েছেন। তাদের সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: আর্জেন্টিনার ইতিহাসে প্রথম: বাবার পথ ধরে বিশ্বকাপ খেলবেন দুই তারকা সন্তান

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক ও ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনাও জরুরি।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!