হরমুজ প্রণালিতে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলা ও পাল্টা হামলার এ ঘটনার পর থেকে বাকি নাবিকদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, উদ্ধারকারীরা নিখোঁজ পাঁচ নাবিকের মধ্যে একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। অন্যদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০ জন নাবিক আহত হয়েছেন।
আরও পড়ুন: আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান
এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ জানায়, হরমুজ প্রণালির কাছে অবস্থিত সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পরে জানা যায়, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করার অভিযোগে শুক্রবার ইরানের কয়েকটি খালি তেলবাহী ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিকের বরাতে ইরানের একাধিক খালি ট্যাংকারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

