ইতালিতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান

জিটি রিপোর্ট

প্রকাশ:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট আটকে রয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট আটকে রয়েছে|ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট প্রায় সাত ঘণ্টার বেশি সময় আটকে রয়েছে। এতে ফ্লাইটটির প্রায় ২৬০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে এ ত্রুটি ধরা পড়ে।

যাত্রীদের ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা তখনও উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছিলেন।

জানা গেছে, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। নির্ধারিত যাত্রাবিরতিতে রোমে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এবং এটি মেরামতের প্রয়োজন।

স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত বিমানটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন এটি আবার ঢাকার উদ্দেশে উড়াল দেবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এআই ব্যবহারের কারণে উন্নত দেশে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

যাত্রীরা জানান, ঢাকায় আসার আগে রোমে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সঠিক সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।

বিমান আরও জানায়, ত্রুটি সম্পূর্ণভাবে দূর করে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটও বিলম্বিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোমে অবস্থানরত বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!