যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা: ট্রাম্প

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

মার্কিন মিত্র সৌদি আরবের ওপর একের পর এক হামলা জোরদার করলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। রবিবার (২০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুথিদের সঙ্গে ওয়াশিংটন সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা চালানো থেকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজেদের গুটিয়ে রাখছে বলেও অতীতে দাবি করেছিলেন ট্রাম্প।

গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরকালে ট্রাম্প বলেছিলেন, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যুদ্ধে জড়াতে চায় না। তারা শুধু চায়, যুক্তরাষ্ট্র যেন তাদের ওপর কোনো আক্রমণ না চালায়।

তবে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব হুথিদের ধারাবাহিক হামলার মুখে চরম সংকটে রয়েছে। শনিবারও সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা।

অন্যদিকে, ইয়েমেনের অভ্যন্তরেও আগ্রাসী সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছ থেকে একের পর এক দেশটির বিশাল এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে তারা।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে শর্ত ইরানের, অপেক্ষা ট্রাম্পের জবাবের

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট এখন একটি চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর বড় ধরনের হামলার পর প্রায় সাত মাস ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থা বিরাজ করছে।

সাংবাদিক ইংস্ট বলেন, ট্রাম্প তাকে স্পষ্টভাবে জানিয়েছেন, খুব নিকট ভবিষ্যতেই বড় কিছু ঘটতে যাচ্ছে। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানিদের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত। তা না হলে পুরো দেশটিকে ধূলিসাৎ করে দেওয়া হবে কি না, এখন তিনি সেই চূড়ান্ত সিদ্ধান্তই নিচ্ছেন। [সূত্র: এএফপি]

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!