মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের

জিটি ডেস্ক

প্রকাশ:

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে|ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। শুক্রবার একটি ছাত্র সংগঠনের আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে মমতা এবং সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছিল। তবে অনুষ্ঠানের সময় রাস্তার একটি অংশ যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কর্মসূচির জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি

পুলিশের অভিযোগ, সমাবেশে আদালতের এসব নির্দেশ মানা হয়নি। রাস্তা খোলা রাখার শর্ত লঙ্ঘনের পাশাপাশি নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও অনুষ্ঠান চলতে থাকে। এ কারণে মমতা ও সমাবেশের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, টিএমসিপির প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান নিয়ে কলকাতার হেস্টিংস থানায় মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আদালতের নির্দেশ অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশি কাজে বাধা দেওয়া এবং আদালত নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

মমতা ছাড়াও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠাদিবস উপলক্ষে সভা করে কালীঘাট শিবির। কর্মসূচির জন্য বেশ কয়েকটি শর্ত আরোপ করেছিলেন আদালত। রাস্তার একটি অংশ খোলা রেখে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া হয়েছিল।

তবে পুলিশের দাবি, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কর্মসূচি শেষ হয়নি। এ ছাড়া সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ ঘটনায় মমতা ও সভার আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: দিনে ২ ঘণ্টার বেশি ফেসবুক-ইনস্টাগ্রাম নয়, শিশুদের জন্য নতুন নিয়ম মেটার

পুলিশ জানিয়েছে, সভা চলাকালে মমতার বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকরা ব্যারিকেড সরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর ফলে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয়।

ক্যাথিড্রাল রোডের ওই ঘটনায় এর আগেই মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, সাবেক মুখ্যমন্ত্রী হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন এবং এ ঘটনায় এফআইআর দায়েরের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

শুভেন্দু অধিকারী বলেন, মমতা যেভাবে হাইকোর্টের নির্দেশ ভেঙেছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশকে এফআইআর নথিভুক্ত করার পাশাপাশি বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!