পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) ফল প্রকাশের রাত থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় ভাঙচুর, হামলা ও পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়।
উত্তর ২৪ পরগনার ন্যাজাটে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে গেলে ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় এক কনস্টেবলও আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: তামিলনাড়ু নির্বাচনে নতুন সমীকরণ, শীর্ষে থালাপতি বিজয়
ভাঙড়সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুরে এক বিজেপি কর্মী এবং বীরভূমের নানুরে এক তৃণমূল কর্মী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। একই সঙ্গে ডোমকলে এক সিপিএম কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন: ট্রাম্পের স্ত্রীকে ‘সম্ভাব্য বিধবা’ বলায় বিপদে মার্কিন কমেডিয়ান
ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলেছে এবং প্রশাসনের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

