তারেক রহমানের সফর নিয়ে বিজ্ঞপ্তি, ঘণ্টাখানেক পর প্রত্যাহার দিল্লির

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন|ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি জারির এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভবন জানায়, আগামী শনিবার (২২ আগস্ট) ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। এর কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতিতে পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

আরও পড়ুন: রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তবে তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নয়াদিল্লি বা ঢাকা। ধারণা করা হচ্ছে, সফরের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় রাষ্ট্রপতি ভবন ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয়।

প্রায় এক ঘণ্টা পর, বিকেল ৩টার দিকে নতুন একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সিরেমনি দিস স্যাটারডে’ শীর্ষক প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

রাষ্ট্রীয় সফরে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান ভারত সফরে গেলে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এটি ভারতের সামরিক ও কূটনৈতিক প্রটোকলের গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর গার্ড অব অনার, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সফরকারী নেতার আনুষ্ঠানিক পরিচয়পর্ব থাকে।

পরে ভারতের রাষ্ট্রপতি সফরকারী নেতার সম্মানে নৈশভোজেরও আয়োজন করেন।

আরও পড়ুন: ‘গোলাপি বাস’ নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘সফল নারীদের মেনে নিতে পারি না’

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, এ ধরনের আনুষ্ঠানিক অভ্যর্থনার আগের দিন পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ভবনের প্রথম বিজ্ঞপ্তিতে সেই মহড়ার কারণেই শনিবারের নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়েছিল।

তবে সফরটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের ঘটনায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!