বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তারা ‘অধীর আগ্রহে’ অপেক্ষা করছেন এবং অদূর ভবিষ্যতেই এ সফর হবে বলে আশা করছেন।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দীনেশ ত্রিবেদী।
এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন।
আরও পড়ুন: বিএনপি নেতার কার্যালয়ে নাতিকে মারধর, বাঁচাতে গেলে দাদাকে পিটিয়ে হত্যা
বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতেই এটি হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী এবং এ সফরের অপেক্ষায় আছি।’
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে দীনেশ ত্রিবেদী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। তিনি পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট অতিক্রম করে ঢাকায় পৌঁছে ভারতীয় হাইকমিশনে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

