তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি উচ্চ বিদ্যালয়ের বাইরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়। খবর বিবিসির।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে মানিসার ইনচি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাইস্কুলের বাইরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা: ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে বিদ্যালয়ের কাছের একটি সড়কে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। অন্য একটি ফুটেজে তাকে অস্ত্র হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
তবে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তুরস্কের সংবাদমাধ্যমগুলোতে হামলাকারী ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী বলে দাবি করা হলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এক বিবৃতিতে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দেশবাসী এবং বিশেষ করে শিক্ষাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা গভীরভাবে মর্মাহত হয়েছেন। ঘটনার তদন্তে মন্ত্রণালয়ের তিনজন জাতীয় পর্যায়ের তদন্তকারীকে মানিসায় পাঠানো হয়েছে।

