বিয়ে নিয়ে আইনি জটিলতার অবসান, খালাস পেলেন নাসির-তামিমা

জিটি রিপোর্ট

প্রকাশ:

নাসির হোসেন ও তামিমা সুলতানা
নাসির হোসেন ও তামিমা সুলতানা|ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় নাসির হোসেন ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলার রায় আগামীকাল

মামলার বাদী রাকিব হাসান অভিযোগ করেছিলেন, তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা সুলতানা তাম্মী ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। এ অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি আদালতে মামলা দায়ের করেন।

এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ১০ জুন তারিখ নির্ধারণ করেছিলেন। নির্ধারিত দিনেই মামলার রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রামিসা হত্যাকাণ্ডে আসামি শনাক্ত ও গ্রেপ্তারে সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, “আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীকে বেকসুর খালাস দিয়েছেন। ফলে এখন আর তাঁদের বিয়েকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। আমরা এ রায়ে সন্তুষ্ট।”

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, “আমরা ন্যায়বিচার পাইনি বলে মনে করি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!