নোয়াখালীতে রাতের আঁধারে গুলি, গুরুতর আহত যুবক

জিটি রিপোর্ট

প্রকাশ:

আহত মাইনুল ইসলাম মাহিন
আহত মাইনুল ইসলাম মাহিন|ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

আরও পড়ুন: ঈদুল আজহা সামনে রেখে ট্রাকসেল শুরু টিসিবির

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী ৪ থেকে ৫ জন সেখানে এসে টর্চলাইটের আলো ফেলে গুলি চালায়। একটি গুলি তার পায়ে লাগে। পরে আরও গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, হঠাৎ কয়েকজন এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে তাদের প্রাথমিক ধারণা।

আরও পড়ুন: করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা জানানো হবে: তিতুমীর

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান আল মুলক জানান, আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!