রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে সরকারের একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে। এ বিষয়ে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনের আগেই রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র জমা দিতে পারেন।
গত দুই দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ঘোষণা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন: স্পিকার
এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই শুক্রবার সকালে দেশে ফিরেছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী, পদত্যাগ কার্যকর হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন।

