রেললাইনে পানি জমে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা শিক্ষার্থীরা।
সোমবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথম শাটল ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে নগরীর বটতলী স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল ৭টা ৪০ মিনিটে দ্বিতীয় শাটল ট্রেনটি বটতলী স্টেশন থেকে রওনা হয়। তবে দুটি ট্রেনই ষোলশহর স্টেশনে গিয়ে আটকে পড়ে।
আরও পড়ুন: স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরেও টিসিবি খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে
স্বাভাবিক সূচি অনুযায়ী, সকালে প্রথম শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানোর পর সকাল ৮টা ৪০ মিনিটে ক্যাম্পাস স্টেশন থেকে পুনরায় নগরীর উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল।
ষোলশহর স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন জানান, ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি অংশের রেললাইনে প্রচুর পানি জমেছে। এ কারণে নিরাপদে শাটল ট্রেন চলাচল অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে ষোলশহর স্টেশনে আটকে থাকা শিক্ষার্থীরা জানান, প্রথম শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বটতলী থেকে ছেড়ে ষোলশহর স্টেশনে পৌঁছানোর পর রেললাইনে পানি জমে থাকায় সেখানে থেমে যায়। পরে দ্বিতীয় শাটল ট্রেনটিও একই স্থানে আটকা পড়ে।
আরও পড়ুন: অভিযোগ প্রমাণিত হওয়ার পর রাবি অধ্যাপককে স্থায়ীভাবে বরখাস্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন জানান, ষোলশহর স্টেশনে আটকে থাকা শিক্ষার্থীদের বিকল্প উপায়ে বাসে করে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
রেললাইনের পানি দ্রুত সরিয়ে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

