দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে। সম্প্রতি মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতা নিজেই। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আসছে গল্পের দ্বিতীয় অধ্যায়। প্রথম সিনেমার প্রধান তিন চরিত্র— সুমন, শুভ্রা ও মেঘনাকে ঘিরেই এগোবে নতুন কাহিনি। প্রথম পর্বে সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা ও বর্তমান স্ত্রী মেঘনার মুখোমুখি হওয়ার গল্প দেখানো হয়েছিল। ‘আজও অর্ধাঙ্গিনী’-তে সেই ঘটনার প্রায় দুই বছর পর একটি বিয়ের অনুষ্ঠানে আবারও দেখা হবে এই তিন চরিত্রের। নতুন পর্বে জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। সিক্যুয়েল প্রসঙ্গে জয়া আহসান বলেন, “অর্ধাঙ্গিনী" ছিল ভীষণ পরিণত একটি গল্প। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা আনন্দের।
আরও পড়ুন: দেশের গণ্ডি পেরিয়ে এবার অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
প্রথম ছবিটি দর্শক আপন করে নিয়েছিলেন। এবারও তাদের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার চেয়ে বেশি কিছু দেওয়াই আমাদের চ্যালেঞ্জ। অন্যদিকে নির্মাতা কৌশিক গাঙ্গুলি জানান, এবার গল্পে উঠে আসবে তিন চরিত্রের অনেক অজানা দিক। মেঘনার মেয়ে টিকলি কিছুটা বড় হয়েছে, কিন্তু সে জানে না যে সুমন তার জৈবিক বাবা নন। এই সত্যকে ঘিরেই তৈরি হবে নতুন সংকট, যা আবারও কাছাকাছি নিয়ে আসবে দুই ‘অর্ধাঙ্গিনী’কে। কৌশিক গাঙ্গুলি আরও বলেন, “অর্ধাঙ্গিনী" সফল না হলে হয়তো সিক্যুয়েল তৈরি হতো না। প্রথম ছবির সাফল্যের পরই দ্বিতীয় পর্বের পরিকল্পনা করি। তবে গল্পকে পরিণত হতে সময় দেওয়ার জন্য দুই বছরের বিরতি রাখা হয়েছিল। আশা করছি দর্শকরা প্রথম ছবির মতো এটিকেও ভালোবাসবেন।

