জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছে, ‘শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’। বুধবার (১৫ জুলাই) জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি কর্তৃক আয়োজিত ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি, যিনি ডিসেম্বরে দেশে আসবেন আত্মসমর্পণ করবেন। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস। ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি, কবে আসবে এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। তিনি আসবেন এবং তাকে আসামাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি বলেন, সরকারের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় একটা উনার স্বভাবসুলভভাবে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন। যে আপিল করা যাবে কিনা, সেটা আইন ব্যবস্থা নিবে। আমরা বিচারের ব্যাপারে অগ্রগতি চাই, এই সরকারের কাছ থেকে। শেখ হাসিনার মামলার রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল ৩০ দিন। সেই ৩০ দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই। ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। আমরা সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত, কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দিবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন নাহিদ। বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সংকট, জলাবদ্ধতা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক ও লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও উপাচার্য নিয়োগে সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করাতে হবে।
১৫ জুলাইয়ের ঘটনাবলির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ওই দিনের হামলাকারীদের তালিকা প্রকাশ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর দাবি, হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে যেসব শিক্ষক ওই হামলাকে সমর্থন বা বৈধতা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

