কানাডায় পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ বাড়াতে বড় অঙ্কের বৃত্তি কর্মসূচি চালু করতে যাচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের আওতায় প্রতিবছর ৫০ জন গবেষককে চার বছর মেয়াদে বৃত্তি দেওয়া হবে। কর্মসূচিটির মোট তহবিলের পরিমাণ ১০ কোটি কানাডীয় ডলার।
বিশ্ববিদ্যালয়টির ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ বৃত্তি কার্যক্রম শুরু হবে। নির্বাচিত প্রত্যেক গবেষক বছরে ৮০ হাজার কানাডীয় ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চার বছরে একজন গবেষকের জন্য মোট বরাদ্দ থাকবে ৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন:কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা, বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বৃত্তি কর্মসূচির জন্য কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন পাঁচ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি। এর সঙ্গে সমপরিমাণ অর্থ যোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পাঁচ কোটি কানাডীয় ডলারের তহবিল গঠন করেছে। ফলে পুরো কর্মসূচির তহবিল দাঁড়িয়েছে ১০ কোটি কানাডীয় ডলারে।
বিশ্ববিদ্যালয়টির দাবি, কানাডায় পিএইচডি পর্যায়ে এ ধরনের বৃত্তি কর্মসূচির মধ্যে এটি সবচেয়ে বড়। এ উদ্যোগকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তি কার্যক্রমের সঙ্গে তুলনা করা যায় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর ১২ থেকে ১৩ জন নতুন গবেষক এ বৃত্তির আওতায় আসবেন। প্রত্যেকের জন্য বৃত্তির মেয়াদ হবে চার বছর। এভাবে কর্মসূচির চতুর্থ বছরে মোট বৃত্তিপ্রাপ্ত গবেষকের সংখ্যা ৫০-এ পৌঁছাবে।
এরপরও প্রতিবছর ৫০ জন গবেষকের জন্য বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পিএইচডি পর্যায়ে মেধাবী গবেষকদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ বাড়াতে চায় ইউনিভার্সিটি অব টরন্টো।

