আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর শেষ চেষ্টা শুরু করেছে বার্সেলোনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা দলবদল এগিয়ে নিতে ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো সরাসরি মাদ্রিদে গিয়ে আলভারেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। কাতালান ক্লাবটির আশা, খেলোয়াড়ের পক্ষ থেকে চাপ তৈরি হলে আতলেতিকো মাদ্রিদ শেষ পর্যন্ত আলোচনায় বসতে পারে।
প্রায় এক বছর ধরে আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা। তবে শুরু থেকেই তাকে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে আসছে আতলেতিকো মাদ্রিদ। ইতোমধ্যে বার্সেলোনার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ক্লাবটি।
আরও পড়ুনঃ ফাইনালের আগে ড্রেসিংরুমে কোচের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন মার্তিনেজ, পরিস্থিতি শান্ত করেন মেসি
আতলেতিকো জানিয়েছে, আলভারেজকে দলে নিতে হলে তার চুক্তিতে থাকা ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। তবে এত বড় অঙ্কের অর্থ খরচ করতে রাজি নয় বার্সেলোনা। ক্লাবটি মনে করছে, এই দলবদল বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন স্বয়ং আলভারেজ।
আগামী ১০ আগস্ট আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। বার্সেলোনার বিশ্বাস, তিনি যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে আতলেতিকো মাদ্রিদ আলোচনায় বসতে বাধ্য হতে পারে।
ডেকোর মাদ্রিদ সফরের প্রধান উদ্দেশ্য ছিল আলভারেজ ও তার প্রতিনিধিদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। বার্সেলোনা তাকে দলে নিতে এখনও পুরোপুরি আন্তরিক এবং নতুন মৌসুমের জন্য তাকে ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবেই বিবেচনা করছে।
বর্তমানে বিশ্বকাপ শেষে ছুটিতে রয়েছেন আলভারেজ। তবে ছুটির মধ্যেও আতলেতিকো মাদ্রিদের দেওয়া অনুশীলন সূচি মেনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি।
নতুন মৌসুমের আগে একজন নির্ভরযোগ্য সেন্টার ফরোয়ার্ড দলে নেওয়া এখন বার্সেলোনার অন্যতম প্রধান লক্ষ্য। রবার্ট লেভানডোভস্কি যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগো ফায়ারে যোগ দেওয়ার পর আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হয়েছে। একই সঙ্গে ফেরান তোরেসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুনঃ জোড়া গোল করে নতুন রেকর্ড গড়লেন মেসি
এই পরিস্থিতিতে শুরু থেকেই বার্সেলোনার শীর্ষ পছন্দ হুলিয়ান আলভারেজ। তবে ক্লাবটি যেকোনো মূল্যে এই দলবদল সম্পন্ন করতে চায় না। অতিরিক্ত অর্থ ব্যয় করার পাশাপাশি অনির্দিষ্টকাল অপেক্ষা করতেও রাজি নয় কাতালানরা।
প্রধান কোচ হান্সি ফ্লিক দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন স্ট্রাইকারকে দলে চান। তাই আলভারেজের বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বার্সেলোনা।
ক্লাব কর্মকর্তাদের ধারণা, চলতি সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে আলভারেজকে দলে নেওয়ার সম্ভাবনা কতটা। শেষ পর্যন্ত এই দলবদলের ভবিষ্যৎ নির্ভর করছে আতলেতিকো মাদ্রিদের অবস্থান এবং সবচেয়ে বেশি আলভারেজের নিজের সিদ্ধান্তের ওপর।

