আলভারেজকে তীব্র দুয়ো আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের

জিটি রিপোর্ট

প্রকাশ:

 আতলেটিকো মাদ্রিদ ছাড়তে চায় আলভারেজ
আতলেটিকো মাদ্রিদ ছাড়তে চায় আলভারেজ|ছবি: সংগৃহীত

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে হুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে নিজেদের সমর্থকদের কাছেই তীব্র দুয়ো শুনতে হয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ঘরের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়া আতলেতিকো শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

আরও পড়ুনঃ সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে হার এড়ালো লিভারপুল

ফিফা বিশ্বকাপ চলাকালে আলভারেজ সরাসরি জানিয়েছিলেন, নিজের ‘স্বপ্ন পূরণে’ তিনি আতলেতিকো ছাড়তে চান। এরপর থেকেই তাঁর দলবদল নিয়ে গুঞ্জন শুরু হয়। আর্সেনাল ও বার্সেলোনার সঙ্গে তাঁর নাম জোরেশোরে জড়ায়। আগামী ১ সেপ্টেম্বর দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে কৌতুহল এখন তুঙ্গে। এর মধ্যেই ঘরের মাঠে এই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি।

রোববার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আলভারেজকে একাদশে না রেখে বেঞ্চে বসানো হয়। দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে ওয়ার্মআপের সময় থেকেই তাঁকে দুয়ো দিতে শুরু করেন আতলেতিকো সমর্থকেরা। ম্যাচের ৬৬ মিনিটে তিনি বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারির সেই দুয়ো আরও জোরালো হয়।

ম্যাচ শেষ হওয়ার পর আলভারেজ সতীর্থদের সঙ্গে মাঠে না থেকে সরাসরি ড্রেসিংরুমের দিকে হেঁটে যান। তাঁর এভাবে চলে যাওয়ার সময়ও গ্যালারি থেকে দুয়ো ভেসে আসে। তবে ম্যাচ শেষে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে জানান, আলভারেজের ড্রেসিংরুমে সরাসরি চলে যাওয়াটা আগে থেকেই নেওয়া ক্লাবের সিদ্ধান্ত ছিল।

এর আগে ম্যাচের ৫৯ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে ভিয়ারিয়ালের গোলরক্ষককে পরাস্ত করে আতলেতিকোকে এগিয়ে দেন মার্ক পুবিল। তবে সেই লিড স্বাগতিকেরা বেশি সময় ধরে রাখতে পারেনি। কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে গোল করে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান জেরার্দ মোরেনো।

পড়ুনঃ সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে হার এড়ালো লিভারপুল

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিয়ারিয়াল। ম্যাচের ৭৬ মিনিটে ডি-বক্সের ভেতর জর্জেস মিকাউতাদজেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আতলেতিকোর ডিফেন্ডার রবিন লে নরমান্দ। পাওয়া পেনাল্টি থেকে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন মিকাউতাদজে।

১০ জনের দলে পরিণত হলেও আতলেতিকো ম্যাচ থেকে ছিটকে যায়নি। খেলা শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে চমৎকার এক পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে সমতায় ফেরান গিলিয়ানো সিমিওনে। তাঁর ঠান্ডা মাথার চমৎকার ফিনিশিংয়ে শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো মাদ্রিদ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!