ম্যাচের শেষ শটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচালেন ডমিনিক সোবোসলাই। তাঁর শেষ মুহূর্তের লক্ষ্যভেদে নিউক্যাসলের বিপক্ষে ২-২ গোলের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছেড়েছে অলরেডরা। এর মাধ্যমে অ্যানফিল্ডে নতুন কোচ আন্দোনি ইরাওলার অধ্যায় শুরু হলো এক পয়েন্ট অর্জনের মধ্য দিয়েই।
আর্নে স্লট বরখাস্ত হওয়ার পর মোহাম্মদ সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ড্রু রবার্টসনের বিদায়ে নতুন করে গড়ে তোলা লিভারপুলকে সেন্ট জেমস পার্কে বেশ অগোছালো দেখায়। ম্যাচের পঞ্চম মিনিটেই স্বাগতিক নিউক্যাসলকে এগিয়ে দেন অ্যান্থনি এলাঙ্গা। উইলিয়াম ওসুলার বাড়ানো পাসে লিভারপুলের দুর্বল রক্ষণের সুযোগ নেন তিনি।
আরও পড়ুনঃ গোল বন্যায় এলচেকে ভাসিয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা
প্রথমার্ধে মোহাম্মদ সালাহের অভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। অন্যদিকে সাবেক ক্লাব নিউক্যাসলের মাঠে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে আসা স্ট্রাইকার অ্যালেকসান্দার ইসাক একের পর এক সুযোগ নষ্ট করায় লিভারপুল ব্যাকফুটে থাকে। তবে বিরতির পর ৫৫ মিনিটে ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শটে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো।
লিভারপুলের সেই সমতার স্বস্তি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। গোল খাওয়ার মাত্র দুই মিনিটের মাথায় জেরেমি ফ্রিমপংকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জো উইলক নিউক্যাসলকে ফের এগিয়ে দেন। ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় লিভারপুল।
ম্যাচের জয় যখন নিউক্যাসলের প্রায় হাতের মুঠোয়, ঠিক তখনই যোগ করা সময়ে ঘটে নাটকীয়তা। নিউক্যাসলের ডিফেন্ডার লুইস হল নিজেদের ডি-বক্সে লিভারপুলের অভিষিক্ত উইঙ্গার ভিক্টর মুনিয়োজকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সুযোগে অত্যন্ত ঠান্ডা মাথার স্পট-কিকে বল জালে জড়িয়ে লিভারপুলের ১ পয়েন্ট নিশ্চিত করেন সোবোসলাই।
আরও পড়ুনঃআলভারেজকে দলে ভেড়াতে আর্সেনাল কোচ আরতেতার ফোন
এর আগে ম্যাচ শুরুর আগে সম্প্রতি ৭৫ বছর বয়সে প্রয়াত হওয়া দুই ক্লাবেরই সাবেক তারকা কেভিন কিগানকে শ্রদ্ধা জানানো হয়। শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারলেও প্রথম ম্যাচেই রক্ষণের জঘন্য রূপ ফুটে ওঠায় নিশ্চয়ই ভাবনায় ফেলবে নতুন কোচ ইরাওলাকে।

