আর্জেন্টিনায় পৌঁছেছেন লিওনেল মেসি। পরিবারের সদস্যদের সঙ্গে শুক্রবার সকালে নিজের শহর রোজারিওতে এসে পৌঁছান আর্জেন্টাইন মহাতারকা। এখন জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রতিপক্ষ বেনিন। এই ম্যাচের মধ্য দিয়েই আর্জেন্টিনার হয়ে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারের ইতি টানবেন মেসি।
এর আগে শনিবার মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। তবে আর্জেন্টিনা দলের মূল অপেক্ষা মঙ্গলবারের ম্যাচ ঘিরে। সেদিনই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি।
আরও পড়ুনঃ বাংলাদেশকে গোল বন্যায় ভাসাল ইন্দোনেশিয়া
এই ফিফা উইন্ডোর জন্য আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আগেই তাঁর সমঝোতা হয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল, বেনিনের বিপক্ষে তৃতীয় প্রীতি ম্যাচটিতেই খেলবেন তিনি।
এ কারণে এখনো এজেইজায় আর্জেন্টিনা দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি মেসি। তবে কোচিং স্টাফ ও সতীর্থরা তাঁর ফেরার অপেক্ষায় আছেন।
এ সপ্তাহে মেজর লিগ সকারে কোনো ম্যাচ নেই। তাই রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হন মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাঁদের তিন সন্তান। তাঁরাও মেসির বিদায়ী ম্যাচের সাক্ষী থাকবেন।
মেসি এখন দারুণ ছন্দে আছেন। টানা চার ম্যাচে গোল করেছেন তিনি। এর মধ্যে শেষ দুই ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেছেন আর্জেন্টাইন তারকা।
আরও পড়ুনঃ মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ সময় কখন
আজ অথবা আগামীকাল স্কালোনির দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মেসির। এরপর নিজের নামে থাকা অনুশীলনকেন্দ্রে সতীর্থদের সঙ্গে অনুশীলন করবেন তিনি। তবে শনিবার বুরকিনা ফাসোর বিপক্ষে তাঁকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বেনিনের বিপক্ষে ম্যাচটিই অবশ্য মেসির মূল লক্ষ্য। সেই ম্যাচে শুরু থেকেই মাঠে থাকবেন তিনি। অধিনায়কত্বও করবেন। পরবেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।
তবে সেটি হবে বিশেষ একটি জার্সি। মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ সংস্করণের এই জার্সি। ঐতিহাসিক ম্যাচ শেষে সেটি মেসির ব্যক্তিগত সংগ্রহে জায়গা পাবে। সেখানে থাকবে তাঁর দুই দশকের ক্যারিয়ারে জেতা অসংখ্য শিরোপা ও পাওয়া পুরস্কারের পাশে।

