বাবা জর্জ মেসিকে হারালেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে রোসারিওর একটি ক্লিনিকে মারা যান জর্জ মেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার (৮ আগস্ট) একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন জর্জ মেসি। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর বিষয়ে লিওনেল মেসি কিংবা পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ উগান্ডার তারকা ফুটবলারকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
কয়েক সপ্তাহ আগে জর্জ মেসির অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর লিওনেল মেসিকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে কান্নার কারণ জানাতে গিয়ে মেসি বলেছিলেন, ‘বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয় এবং কয়েকটি কঠিন দিনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।’
এরপর জর্জ মেসির শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হয়। সে সময় মেসি পরিবার এক বিবৃতিতে জানায়, জর্জ মেসি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে গুজব ও জল্পনা থেকে বিরত থাকা এবং জর্জ মেসি ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায় পরিবারটি।
আরও পড়ুনঃ নানা নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে ভিনিসিয়ুস
এর আগে জর্জ মেসির মৃত্যুর বিষয়ে একটি ভুল খবরও ছড়িয়ে পড়েছিল। পরে সেটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়। ভুল তথ্য প্রচারের ঘটনায় সংশ্লিষ্ট এক টেলিভিশন উপস্থাপক ক্ষমাও চান।
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে জর্জ মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছেলের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তাঁর এজেন্ট ও ঘনিষ্ঠ পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মেসির মাঠের বাইরের বিভিন্ন পেশাগত বিষয়ও দীর্ঘদিন ধরে দেখভাল করেছেন তিনি।

