বাবার পর এবার ছেলের সঙ্গে মাঠ কাঁপালেন মেসি, করলেন জার্সি বদল

জিটি রিপোর্ট

প্রকাশ:

লিওনেল মেসির জার্সি বদল
লিওনেল মেসির জার্সি বদল|ছবি: সংগৃহীত

আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির কাছে জার্সি বদল করতে এগিয়ে যান এক তরুণ ফুটবলার। সুযোগটা হাতছাড়া না করতে চাওয়া সেই তরুণের হঠাৎ প্রশ্নে চমকে যান মেসি; তরুণটি জিজ্ঞেস করেন, ‘আপনি কি আমাকে চিনতে পেরেছেন?’ আর্জেন্টাইন ফরোয়ার্ডের চিনতে না পারারই কথা, কারণ এই তরুণ আর কেউ নন—বার্সেলোনায় মেসির একসময়ের সতীর্থ এইদুর গুডইয়নসেনের ছেলে ড্যানিয়েল গুডইয়নসেন।

সাবেক সতীর্থের ২০ বছর বয়সী ছেলের মুখে পরিচয় শুনে স্মৃতিকাতর হয়ে পড়েন মেসি এবং শেষ পর্যন্ত বাবার সাবেক সতীর্থের ছেলে ড্যানিয়েলের সঙ্গেই জার্সি বদল করেন তিনি।

ম্যাচ শেষে সেই চমকে যাওয়ার গল্পটি নিজের মুখেই শুনিয়েছেন মেসি। তিনি বলেন, ‘ওই মুহূর্তে আমি আসলে চমকেই গিয়েছিলাম। তারপর আমাকে বলল সে গুডইয়নসেনের ছেলে।’ বার্সেলোনার সাবেক আইসল্যান্ডিক ফরোয়ার্ড এইদুর গুডইয়নসেন ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু-তে মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন।

আরও পড়ুনঃ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকাপের পর্দা উঠছে কাল

বিশেষ করে পেপ গার্দিওলার অধীনে কাতালান ক্লাবটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অনবদ্য যাত্রায় দুজন ছিলেন একসঙ্গে। ৪৭ বছর বয়সী গুডইয়নসেন প্রায় এক দশক আগে ফুটবলকে বিদায় জানালেও তাঁর সমসাময়িক মেসি এখনো মাঠ মাতাচ্ছেন সর্বোচ্চ স্তরে।

গতকাল আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার এই শেষ প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন গুডইয়নসেনের ২০ বছর বয়সী ছেলে ড্যানিয়েল। শৈশবের সেই ছোট্ট ড্যানিয়েল এখন পেশাদার ফুটবলার হিসেবে মেসির মুখোমুখি দাঁড়িয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে মেসি আরও বলেন, ‘সত্যি বলতে আমার ওকে খুব ভালোভাবে মনে ছিল না। তাকে আমি আগে যখন দেখেছিলাম, খুব ছোট ছিল। বাবার সঙ্গে অনুশীলনের সময় আসত, কিন্তু তখন ও অনেক ছোট ছিল, এ জন্য আমি ওকে মনে করতে পারিনি।’

মাঠে মেসির সঙ্গে কুশল বিনিময় ও জার্সি বদল শেষে ড্রেসিংরুমে ফিরে যান ড্যানিয়েল। ঘটনাটি সেখানে শেষ হলেও তা ফুটবলপ্রেমীদের মনে এক অদ্ভুত ভালো লাগার জন্ম দিয়েছে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে, যা হবে আন্তর্জাতিক ফুটবলে মেসির ক্যারিয়ারের ২০০তম ম্যাচ।

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া মেসিকে ঘিরেই আলবিসেলেস্তেরা এখন টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। আর এই দীর্ঘ পথপরিক্রমায় সাবেক সতীর্থের ছেলের সঙ্গে জার্সি বদলের এই ঘটনাটি যেন মেসিকে আরও একবার মনে করিয়ে দিল, ফুটবল মাঠে কতটা দীর্ঘ ও গৌরবময় পথ তিনি পাড়ি দিয়ে এসেছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!