ভারতের কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্প্যানিশ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে বসবে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। ম্যাচে পর্তুগালের সাবেক তারকা লুইস ফিগোর মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
ভারতে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ ঘিরে তৈরি হওয়া ফুটবল উন্মাদনার রেশ কাটতে না কাটতেই নতুন এই আয়োজনের খবর সামনে এসেছে। রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ উদ্যোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও সবুজ সংকেত পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বর্তমান মূল দলের খেলোয়াড়েরা এই ম্যাচে অংশ নেবেন না। দুই ক্লাবের সাবেক তারকারা প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন। এখনো দুই দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।
রিয়াল মাদ্রিদের সাবেক তারকাদের মধ্যে লুইস ফিগো, ইকের কাসিয়াস, পেপে ও রবার্তো কার্লোসের মতো ফুটবলারদের দেখা যেতে পারে। অন্যদিকে বার্সেলোনার কিংবদন্তিদের দলে থাকতে পারেন রিভালদো, রোনালদিনহো ও কার্লেস পুয়োলের মতো সাবেক তারকারা। তবে তাঁদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।
আরও পড়ুনঃ ১০২ বছরের রেকর্ড ভেঙে অনন্য নজির গড়ল বার্সেলোনা
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত। স্পেনের গণ্ডি পেরিয়ে এই দ্বৈরথের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। একসময় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ এই ম্যাচের আকর্ষণ বাড়িয়েছিল। বর্তমানে ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালের মতো তরুণ তারকারা এই প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করছেন।
ভারতে অবশ্য কিংবদন্তিদের ‘এল ক্লাসিকো’ এবারই প্রথম নয়। ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকাদের দল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ লিজেন্ডস।
কলকাতার এবারের আয়োজন ঘিরেও ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সাধারণ দর্শকদের কথা বিবেচনায় রেখে টিকিটের দাম নাগালের মধ্যে রাখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ম্যাচের টিকিটের মূল্য ও দুই দলের চূড়ান্ত খেলোয়াড় তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

