এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইপর্বে ভারতের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। উজবেকিস্তানে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। প্রথমার্ধে এক গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খায়। ফলে শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
এই হারের মধ্য দিয়ে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইপর্বে বাংলাদেশের যাত্রা শেষ হলো। নিজেদের প্রথম দুই ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে হারের পরই ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বিদায় করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর অধীনে ভারতের বিপক্ষে মাঠে নামে দলটি।
কোচ পরিবর্তনের পর নতুন উদ্যমে খেলার চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে মাঠের পারফরম্যান্সে তার তেমন প্রভাব দেখা যায়নি। পুরো ম্যাচেই ভারত ছিল বেশি সক্রিয়। তারা একাধিকবার বাংলাদেশের রক্ষণভাগে চাপ তৈরি করে। গোলের সুযোগও তৈরি করে বেশ কয়েকটি।
আরও পড়ুনঃ দেড় দশকের দ্বৈরথের পর এবার একই দলে মেসি–রোনালদো!
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
অথচ কয়েক মাস আগেই মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অ-২০ টুর্নামেন্টে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। কিন্তু এবার এএফসি বাছাইপর্বে সেই ভারতের কাছেই বড় ব্যবধানে হারতে হলো তাদের।
বাংলাদেশ উজবেকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে গিয়েছিল মূলত যুব এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। গ্রুপ চ্যাম্পিয়ন তো হতে পারেনি, এমনকি রানার্সআপও হতে পারেনি বাংলাদেশ।
চার দলের গ্রুপে শেষ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা। তিন ম্যাচে বাংলাদেশের জালে বল ঢুকেছে আটবার। বিপরীতে প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
এই ব্যর্থতার প্রভাব আগামী দিনের পথেও পড়তে পারে। আগামী বছর সরাসরি এএফসি বাছাই টুর্নামেন্ট খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের। কারণ এবারের আসরে সবচেয়ে নিচে থাকা ছয় দলকে পরবর্তীবার ডেভেলপমেন্ট কাপ খেলে আসতে হবে।
এদিকে বাংলাদেশ অ-২০ দলকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই কোচদের দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলছে। ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর হাতাহাতির ঘটনাও ঘটে। একপর্যায়ে ঢাকায় পুলিশ ডাকতে বাধ্য হন জোন্স।
এমন পরিস্থিতির মধ্যেও বাফুফে দুই কোচকেই উজবেকিস্তানে পাঠায়। দলের ম্যানেজার পরিস্থিতি স্বাভাবিক এবং উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছিলেন। তবে সহকারী কোচ হয়েও মিশু ডাগআউটে থাকতে পারেননি।
শেষ পর্যন্ত দুই ম্যাচ পর জেরার্ড জোন্সকে বরখাস্ত করে বাফুফে। এরপর মিশুর অধীনে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু কোচ বদলালেও দলের ফলাফলে পরিবর্তন আসেনি। ভারতের কাছে ৩-০ গোলে হেরে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইপর্ব থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।

